আমার সম্পর্কে

আমার সম্পর্কে তেমন কিছুই বলার নেই।

সাধারন মানের একজন মানুষ, ভুল করি, ভুল স্বীকার ও করি। নিজের দুর্বলতা ঢেকে রাখতে চেস্টা করি না খুব একটা। মানুষকে পর্যবেক্ষন করতে ভালো লাগে। মাঝে মাঝে ব্যাস্ত রাস্তার পাশের কোন মার্কেটের ছাদে উঠে যাই আর নিচের মানুষ দেখি। ব্যাস্ত মানুষ, ছুটে চলা মানুষ দেখতে ভালো লাগে। জীবনের কোলাহল দেখতে ভালো লাগে।

একা থাকতেও ভালো লাগে। মাঝে মাঝে সকালবেলা সমুদ্রের তীরে যাই। তীর ধরে হাটি, পানিতে পা ডুবাই, বসে থাকিঅনেক একা লাগে সেই সময়টায়। অদ্ভুত এক ঘোরের মধ্যে ডুবে থাকে মন।

কবিতা পড়তে পছন্দ করি। জীবনানন্দ, আল মাহমুদ, আবুল হাসান, রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ, নির্মলেন্দু গুণ আরো অনেকেই পছন্দের তালিকায়। তবে জীবনানন্দের মায়া কাটিয়ে উঠতে পারি না। টেবিলে পড়ে থাকা জাভা,সি,ডাটাবেস আর ডাটা স্ট্রাকচার বইয়ের পাশে হেলান দিয়ে জীবনানন্দের বই থাকে সবসময়।

ব্লগে তেমন লিখা হয়না। অনেক অনেক প্রিয় মানুষেরা লিখেন এখানে সেখানেচেস্টা করি পড়তে। মাঝে মাঝে খেয়াল চাপে কিছু একটা লিখি। খুব ভাল কিছু যে লিখতে পারি তাও না। তবুও, লিখতে বসলে কাজের চাপ থেকে চিন্তা থেকে একটু সময়ের জন্য পালিয়ে থাকা যায়।

লিনাক্স, ওপেনসোর্স আর কম্পিউটার আমার নেশা। লিনাক্সের নতুন নতুন সব ফিচার নিয়ে নাড়াচাড়া করতে করতেই দিনের বেশিরভাগ সময় কাটে। আর কম্পিউটারের দুনিয়ায় কখন কি ঘটল সেসব নিয়েও পড়ার চেস্টা করি সবসময়।

পড়াশোনা করছি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগে। আর ছেলেবেলা কেটেছে চট্টগ্রামে, পটিয়ায়। খলিলুর রহমান শিশু নিকেতন আমার প্রথম স্কুল। এরপর শশাঙ্কমালা সরকারী প্রাথমিক বিদ্যালয়। আমার স্বপ্নের মত সুন্দর একটা স্কুল। ছোট্ট স্কুল, সামনে ঘাসভরা মাঠ, একপাশে পুকুর, ঝোপঝাড়, স্কুলের টিনের চাল বেয়ে ঝুম বর্ষায় পানি পড়াঅনেক মনে পড়ে। এরপর পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়। আমার জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলো এখানে কেটেছে। প্রায় শতাব্দী প্রাচীন একটা পাঠাগার আছে এই স্কুলের। কত বিকেল যে মাঠে খেলতে না গিয়ে পুরাতন বইয়ের স্তুপে বসে বসে কাটিয়েছি তার হিসেব নেই। আমার মনন আমার প্রকৃত বেড়ে ওঠা আসলে এখানেই। এই সময়গুলো ভোলা যায় না।

কলেজ ছিল হাজী মুহাম্মদ মুহসীন কলেজ। অনেক মজার সময় ছিল এটাও, আর এত দ্রুত শেষ হয়ে গেল, কিছু টেরই পেলাম না। কলেজের আঙ্গিনায় আর চট্টগ্রাম কলেজের আনাচে কানাচে কাটানো মজার সময়গুলো ছাড়া কিছুই মনে নেই।

এই তো আমি ! আর সবার মতই সাধারন একজন। কস্ট পেলে কাদি, আনন্দে হাসি, হোচট খেলে ওঠার চেস্টা করি, হেরে গেলে আবার জেতার চেস্টা করি। এই তো !

25 thoughts on “আমার সম্পর্কে

  1. আপনার ব্লগের লেখাগুলো অসাধারণ। কিন্তু এখানে এই পেজের এই অবস্থা কেন? আপনার সম্পর্কে কিছু জানতে চাইলে তো তার মন খারাপ হয়ে যাবে। :(

  2. সাইটের আউটলুক টা চমৎকার… কিন্তু দুঃখ এটাই আপনার সম্পর্কে কিছু জানতে পারলাম না…

  3. খুব ভাল লাগল আপনার ব্লগ টা দেখে লেখা চমৎকার উপরের বাংলা লেখাগুলো আবছা দেখাচ্ছে এদিকে নজর দিলে ভাল হয়

  4. নিজের পোষ্টমর্টেম!!! খুব ভালো লাগলো তাই কমেন্ট না করে পারলাম না। প্লিজ… ভালো থাকবেন সমসময়।

    • কথা বলাটা একটু ভেজাল লাগে। আপনার কোন বিষয়ে সাহায্য দরকার হলে এখানে বলুন। :)

  5. নিজেকে নিয়ে বড়ো বেশি ঝামেলায় আছি….। আপনার নিজের ভাষায় আপনাকে দেখার আঙ্গিকটুকু হৃদয় ছুঁয়ে গেলো। সত্যি বলছি এবং আমার এই সত্য বলায় কোন ভার্চুয়াল সত্য নেই। (ভার্চুয়াল সত্যঃ যেটা শুধুমাত্র কিবোর্ড চেপে লেখা হয়। যেখানে বাস্তবতার কোন উপস্থিতি থাকে না।) হৃদয় থেকে বলছি, ভীষণ নাড়া দিয়ে গেলো আমাকে। আমার কোন বড়ো ভাইয়া নেই। আপনাকে একটু দাদা বলে ডাকতে পারি? ভালো থাকুন। শুভ কামনা রইলো, সবসময়ের জন্য। যেখানেই হোক ভালো থাকুন।

  6. অত্যন্ত সুন্দর লেখা। আমি কখনো কাউকে নিজেকে এত সুন্দর ভাষায় প্রকাশ করতে দেখিনি, বিশেষ করে আমি কখনোই নিজের সম্পর্কে দুলাইন লিখতে পারিনা।

    আপনার সফলতা কামনা করছি।

  7. চালিয়ে যান। অনেক সময় ধরে সাইটটা নাড়াচাড়া করলাম। বেশ ভাল লাগল। এখন থেকে প্রায়ই আসার চেষ্টা করব।

  8. অনেক ভালো লাগলো পড়ে।খুব কম মানুষ আছে যারা নিজের সম্পর্কে গুছিয়ে লিখতে পারে।

  9. অনেক পরিপাটি একটা সাইট…অনেক ভালো লাগলো লিখা গুলো।নিজের সম্পর্কে লিখাটা বেসম্ভব ভালো লাগছে।

Leave a Reply